Friday, February 5, 2021

 

আলোর দিশারী
হাকিকুর রহমান 
 
মধ্য রাতের ঘুম ভাঙ্গিয়ে
কে যায় সমুখের পানে
পথটাকে আলোকিত করে
ঘুম ভাঙ্গানিয়া গানে।
আলোর দিশারী হয়ে
বয়ে চলে অবিরত
আশায় ভরিয়ে দিয়ে
হৃদয় করে অভিভূত।
এ এক অপার শিহরণ
লাগে মনে প্রাণে
হৃদয় জাগানো তার সেই
ঘুম ভাঙ্গানিয়া গানে।

 

ললাট লিখন
হাকিকুর রহমান 
 
তিলক দিলে কি ললাটে ছাপিয়া
গাহিলে স্তব নিশীথ যাপিয়া,
তবে কেন হে দিবাকর জাগিবার আগেই
আগুয়ান প্রাতে, রণেতে ভঙ্গ দাও-
বনমালী আসি সাধিয়া বসিলো
যতো ব্যথা আছে হৃদয়ে পশিলো
তবে কেন হে অর্ধফোটা শতদল হাতে
পূর্ণিমা রাতে, তিমির পানেতে চাও।।
কুহকিনী জাগে নিশীথ ব্যাপিয়া
ছায়াঘণ পথে কি বর মাগিয়া
তবে কেন হে পূর্ণ শশীরে
নিজেরে করিতে, দ্বিধাতে জড়ায়ে যাও।।
অজানার পথে বেপথু সাজিয়া
চির চেনা সুরে আবারো গাহিয়া
তবে কেন হে গোপিনীর ছলে
নিছক মায়াতে, নিজেরে বাঁধিয়া নাও।।

 

প্রকৃতি
হাকিকুর রহমান 
 
নিলিমার পানে চকিত চাহিয়া,
দুই বাহু উন্নীত করিয়া জিজ্ঞাসিলাম-
“ওহে অন্তরীক্ষ!
তোমার সপ্তর্ষীমন্ডল কি রহিয়াছে এখনও অক্ষুন্ন?”
বিষন্ন বদনে সে উত্তরিল-
“মনুষ্যকুলের বাধাহীন কার্যকলাপে
ওজনস্তরে ক্ষয় ধরিয়াছে,
ইহার প্রভাবে ধরিত্রী হইতেছে বেসামাল;
কোথাও অতি খরা,
কোথাও অতি প্লাবন,
কোথাও প্রলয়ংকারী ঝড়,
কোথাও সুনামি,
কোথাও হিমবাহ।
তবে কি তাহারা, নিজেদের পরিসমাপ্তি
নিজেরাই ঘটাইবে, অচিরে!”

 

আবেদন
হাকিকুর রহমান 
 
সাধারনের কাতারে নিজেকে দাঁড় করাই
তাদের হাসি কান্নার সাথে নিজেকে মিলাই।
ধর্ম, বর্ণ নির্বিভেদে নিজেকে বিলিয়ে দেই
তাদের সমস্যা নিজের সমস্যা মনে করে নেই।
সাধ্যমতো চেষ্টা করি তাদের সমস্যা সমাধানে
তাদের ব্যথা নিজের মনে করে সাড়া জাগাই প্রাণে।
এমন দিন আসুক, যেদিন সাধারন জনগণ থাকে সুখে
এদিনের তরে স্বপ্ন দেখা হোক, আশা জাগুক সবার বুকে।

 

সাঁঝের অপেক্ষায়
হাকিকুর রহমান 
 
গাছের ছায়ে বুদ হয়ে শুয়ে আছে
কোন বিবাগী-
জাতে-কুলে কেউ নেই যেন তার
ঘুরে তাই গাঁয়ে গাঁয়ে একাকী,
ওর সাথে যোগ দিয়েছে ক্লিষ্ট রাখাল-
কারণ তার গরুর পালও পেটপুরে খেয়ে
ঘুমুচ্ছে এখানে ওখানে।
বেদেনীটা তবুও হেঁটে ফিরে পায়ে পায়ে-
খাবারের চালগুলো এখনও পুরেনি,
তার উপর উপরিটা বেচে
মরদটার চোলাই কিনে দিতে হবে।
খোকাবাবু হাঁটি-হাঁটি পা-পা করে
হেসেলের দিকে যায়-
অনেকক্ষণ যায়নি মায়ের কোলে,
ওদিকে মা ব্যস্ত, উনুনের আধপোড়া
খড়িগুলোকে সামলানোর তরে।
গাঁয়ের আইবুড়ো মেয়েরা সব সারি বেঁধে
উকুন বেছে চলে-
আর কি যেন বেসুরো সুরে গান সাঁধে,
হোগলা পাতার বেড়ার ফাঁক দিয়ে
ধেড়ে চাষাটা আবার উঁকি দিয়ে চায়।
গোয়ালিনীর হাড়গিলে মেয়েটা সারা গাঁ
ঘুরে দুধ বেচে ঘরে ফেরে-
যৎসামান্য কিছু পসরা নিয়ে,
ওগুলো দিয়েই উনুন ঠেলবে
তাদের মা জননী, আজ রাতে।...
ওদিকে, বিকেল গড়িয়ে সাঁঝের আঁধার
নামার অপেক্ষাতেই রয়েছে সবাই।

 

হৃদয়ের ব্যবচ্ছেদ
হাকিকুর রহমান 
 
হৃদয়ের ঐচ্ছিক ব্যবচ্ছেদ-
তাও আবার সনাতন পদ্ধতিতে নয়,
অত্যাধুনিক সয়ংক্রিয় প্রযুক্তিতে-
যাহা ইতিপূর্বে গোচরীভূত হয় নাই।
নিসংকোচে তাই,
বর্ননা করিতে পারা যায়,
সুনির্দিষ্ট প্রক্রিয়াসমূহ।
ভাবের উদ্রেক হইবার কোন আশংকা নাই,
কারণ কোন মহামারীতে আক্রান্ত হয় নাই তাহা।
নিরেট রুটিন মাফিক কর্মকান্ডসমূহ-
তবে প্রাক সতর্কতা অবলম্বন করা হইয়াছে,
যাহাতে-
অকাল মৃত্যু না ঘটে,
যেহেতু সহমরণে যাইবার কেহ নাই, অগ্রে-পশ্চাতে।

 

প্রার্থনা
হাকিকুর রহমান
কৃপা মাগি তব।
তোমারি এ পৃথিবীতে কিছু যেনো করে যেতে পারি
জীবনকে উৎসর্গ করি প্রয়োজনে তারি।
নশ্বর দেহটি রহিবে পড়ে এই ধরাধামে
কৃীতি শুধু রহিবে অক্ষয়,
যদি কিছু করি তোমারি নামে।
মিছে মায়া, মিছে কায়া, মিছে এই জগৎ সংসার
আজ চলে গেলে কালকে দুদিন,
কিছুদিন রবে শুধু হাহাকার।
থাকিতে সময়, নাহি করে অপচয়
তোমারি বাঁধানো পথ ধরি
পথ হোক বন্ধুর, পাড়ি দিতে হবে তাহা
আর তার তরে, নিজেকে তৈরী করি।