Friday, September 4, 2020

কোরাসঃ
ভবের ধারা
জীবন নদীর আঁকে বাঁকে
স্বপ্নগুলো লুকিয়ে থাকে,
কেউ বা দেখে, কেউ না দেখে
কারও জানা নাই।।
ফাগুন মাসে শাখে শাখে
মধুর সুরে কোকিল ডাকে,
কেউ বা বুঝে, কেউ না বুঝে
কারও জানা নাই।।
পথের বাউল যায় গেয়ে যায়
পিছন পানে তাও ফিরে চায়,
কেউ বা শুনে, কেউ না শুনে
কারও জানা নাই।।
বিবেক গুনে চলা কঠিন
ভবের ধারা নয়কো রঙিন,
কেউ বা শিখে, কেউ না শিখে
কারও জানা নাই।।
(তথ্য উপাত্তেঃ হাকিকুর রহমান)
(সর্বস্বত্ব সংরক্ষিত)
মনের উনুন
হাকিকুর রহমান 

ওগো শহরের বাবু,
আপনাদের রঙ্গরস দেখেই তো
হয়ে যাচ্ছি কাবু।
আমি তো গাঁও গেরামের লোক,
বুদ্ধি-সুদ্ধি নেইকো মোটেই
শুধু একবেলা,
একটু পেটপুরে খাওয়ার ঝোঁক।
তাও, অনেক প্রকার নয়-
এক প্রকার নিরামিষেই রহি খুশী,
কারণ, বাড়িতে অন্ন বাড়ন্তই থাকে
আর তা নিয়েই বুকের জ্বালাটাকে পুষি।
যদিও মনের উনুনে, খালি ভাতের হাড়িটা
হাপিত্যেশ করে সদা,
কিন্তু চিন্তার কারণ নেই
আপনাদেরকে জ্বালাতন করবোনা,
দয়া করে মারবেননা পিঠেতে গদা।
কি করবো, ওই যে শাকপাতা খেয়ে খেয়ে
অভ্যেসটা হয়ে গ্যাছে, একটু অন্য রকম,
তাই, সুযোগ পেলেই
প্রাণটা খুলে একটু বাগাড়ম্বর করি-
যদি তাতে প্রশমিত হয়
এই পীড়িত বুকের জখম।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
দিদি
হাকিকুর রহমান 

দেবো কানমলা, বলে, দিদি আমায় দিলেন বকুনি
কারণ, আজকে তাঁর পড়াটা, ঠিক মতো করিনি।
দিদি আমাকে যক্ষের ধন করে, আগলে রেখেছেন সারাক্ষণ
যাতে করে, আমি যেন কোন বিপদে না পড়ি, যখন-তখন।
মনে পড়ে, দিদি যেদিন স্বামীর ঘরে গেলেন চলে,
আমাকে তিনি কিছুই কইতে পারেননি
নীরবেই চেয়ে চেয়ে বিদায় নিলেন
কোন কিছুই না বলে।
হঠাৎ একদিন, দুয়ারে দাঁড়ালো গাড়ি, নামলেন দিদি আমার
পরনে তাঁর শুভ্র সাদা শাড়ি-
কেন? বুঝিনি আমি,
বহুকাল পরে বুঝেছি, তাঁর সবচে’ কাছের মানুষটাকে
কেড়ে নিয়েছেন, অন্তর্যামী।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
মায়ের কোল
হাকিকুর রহমান 

ভর দুপুরে, মালঞ্চলতার ডালে বসে থাকা
বাহারী প্রজাপতিটা বাতাসের দোলাতে তটস্থ হলো,
আধো নুয়ে পড়া নিমের শাখে ঝিমোনো বুলবুলিটাও
নড়ে চড়ে বসে চেয়ে রইল আকাশের পানে,
দীঘির জলের ওপরে ফুটে থাকা পদ্ম পাতায় বসা
লাল ফড়িংটাও সন্ত্রস্ত হলো। রাতের আঁধার নেমে এলো
চারিদিকে, এ কিসের লক্ষণ! কোন কিছু বুঝে ওঠার আগেই
শুরু হলো শিলাবৃষ্টি, সাথে নিয়ে প্রচন্ড হাওয়ার দাপট-
জুবুথুবু ভিজে যাওয়া ঘুঘুটা ডাক ভুলে খুঁজে ফেরে
নিরাপদ আশ্রয়, বনের ধারে সদ্য গজিয়ে ওঠা
ঝিঙেফুল গাছটাও উপড়ে যাবার ভয়ে প্রমাদ গুনলো-
আর এই আঁধারের মাঝেও শালিক ছানাটা মায়ের কোলে
বসে কি স্বস্তিতে লক্ষ্য করলো, লন্ডভন্ড হয়ে যাওয়া
তরুলতাগুলোকে, আর বল্লো,
“পৃথিবীর সবচে’ শান্তির স্থানেই আছি”।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
পরছায়া
হাকিকুর রহমান 

কতো হাসিলাম, কতো কাঁদিলাম
কতো অবলোকন করিলাম, নব নব দৃশ্য-
কতো রাখিলাম, কতো ঢাঁকিলাম
কতো অবদমিত করিলাম, ঘটমান অস্পৃশ্য।
দেহাভ্যন্তরে যে ব্যাধি, তাহা তো
প্রশমিত হইবে বদ্যে আর পথ্যে-
হৃদয়াভ্যন্তরে যে মরণব্যাধি বাসা বাঁধিয়াছে,
তাহা প্রশমনের তরে
ঘুরি ফিরি সদা নেপথ্যে।
ঘূর্ণায়মান এক বৃহদাকার চড়কগাছে
উপবিষ্ট হইয়া হেরিতেছি, পৃথ্বীকে
কখনও বা অতিক্ষুদ্রাকায় কিছু-
আবার ভূমির কাছাকাছি অবতরণে
দৃশ্যমান হইতেছে সকলই,
ছাড়িতেছে না তো আর পিছু।
তবে কি সবই অলীক, সবই কি মায়া
রহিবে কি অগোচরে, মোর প্রাণহীন কায়া-
কহিতে না পারি, সহিতে না পারি
দোদুল্যমানতায় ভাসিলাম, এই আলো আঁধারীতে,
ছায়ার পিছনে ভর করিলো কতো পরছায়া।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
কঙ্কিনি
হাকিকুর রহমান 

জলে ভাসিলো কাহার সিঁদুর
ভাঙ্গিলো কাহার কঙ্কিনি,
নিমেষে ভাঙ্গিলো বাঁধনের বেড়ী
বিরহ হইলো সঙ্গীনি।
অপলোকে চাহে নীলিমার পানে
নিদ্রা রহিলোনা আর রাতে,
ধরিবেনা কেহ হস্ত দু’খানি
শুন্য আঙ্গন হেরিবে প্রতি প্রাতে।
দন্ডায়মান হইবেনা কেহ আর
সমুখে আসিয়া সন্তর্পণে,
প্রতীক্ষা করিবেনা কেহ আর
অবয়বখানি দর্শিত হইবেনা
আর কোন দর্পণে।
সাঁঝের বেলায় প্রদীপখানি
প্রজ্জ্বলিত করিবেনা আর কেহ,
সম্বোধন করিবেনা কেহ আর নামটি ধরিয়া
করিবেনা কেহ তেমন করিয়া আর স্নেহ।
উপবেশন করিবেনা কেহ আসন পাতিয়া
চমকিত করিবেনা কেহ আগের মতোন,
পশ্চাতে রহিলো পড়িয়া সকলই
হৃদয়ের যতো নাবলা কথন।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
যুগল কবিতা
সুখ নামের পাখি
হাকিকুর রহমান 

“সুখ নামের সুখ পাখিটা”
বন্দী হলো সোনার খাঁচায়,
ঝাপটে মরে বাইরে যেতে
কেইবা আছে তারে বাঁচায়।
ছিল সে একাই পড়ে
ছিল না তার কোন আশা,
হলোনাতো স্বপ্নপূরণ
অশ্রুজলে শুধুই ভাসা।
গেলো সব উধাও হয়ে
গেলো তারা কোথায় চলে,
গেলো চলে সকলই হায়
গেলো চলে কোন সে ছলে।
নিলোনা কেউতো ডেকে
নিলোনা কাছেতে আর,
দিলোনা হাত বাড়িয়ে
দিলোনা খুলে যে দ্বার।
ভুবন মাঝীর ঘাট
হাকিকুর রহমান 

যোগ-বিয়োগের অংক কষে
জীবন কেটে যায়,
থেবড়ো পথে পিছলে পড়ে
পিছন ফিরে চায়।
ধ্যান-ধারনার উর্ধ্বে উঠে
আবার চলা শেষে,
চাওয়া-পাওয়ার হিসেব গুলো
যায়যে কোথায় ভেসে।
সামলে নিয়ে তবুও চলা
কোনসে মতি আটে,
এমনি করে কাটে প্রহর
ভুবন মাঝীর ঘাটে।
(সর্বস্বত্ব সংরক্ষিত)