Thursday, October 7, 2021

 

নানান ছল
হাকিকুর রহমান 
 
পথের কথা থাকুক পথে
ঘরের কথা ঘরে,
কয়লা ধুলে ময়লা না যায়
বিষাক্ত অন্তরে।
সদ্য ফোটা মাকাল ফলে
জানান দিলো কি?
বাইরে ভালো ভিতর কালো
আবার দেখে নি!
যতই বলো ভালো কথা
লাগবেনা তা মনে,
হাটের মাঝে ভাঙলো হাড়ি
কইবো তা কার সনে।
এমনি করেই জীবন গেলো
বুনো মেঘের দল,
রাতের দিকেই দিবস গড়ায়
ভরা নানান ছল।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

ছড়া- চাঁদের হাসি
হাকিকুর রহমান 
 
অরুণ রবি ওঠার আগে
জাগলো ভোরের পাখি,
প্রাণটা খুলে গান শোনালো
মনের মাঝেই রাখি।
শিশির ভেজা ঘাসের ‘পরে
হাঁটছে সোনার মেয়ে,
ছাতিমতলার গাঙের ঘাটে
ভিড়লো এ কোন নেয়ে।
পলাশ ফুলের শাখায় বসে
কোকিল ডাকে “কুহু”,
শাপলা ভরা দিঘির জলে
ফুল ফুটেছে বহু।
কাজল মেখে খুকুমণি
চাইছে আকাশ পানে,
কুটুম পাখি গাইছে কি গান
জানে কে তার মানে।
গ্রাম ছাড়িয়ে মাঠের পানে
ছুটলো গাঁয়ের চাষী,
খোকন সোনার মুখটা জুড়ে
ভরলো চাঁদের হাসি।
(ছেলেপুলেরা আবার স্কুলে যাচ্ছে
জেনে ছড়াটা লিখলাম।)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

ফিরে পাওয়া
হাকিকুর রহমান 
 
বিদায় নেবার সময়টা
এখনও হয়নিকো বোধহয়
তারি মাঝে, অকালে গ্যাছে হয়ে
বহু সময়ের অপচয়।
বাড়তি যেটুকু পেয়েছি
এই দুই হাতের কাছে
কবে কবে জানি, অতি নিঃশব্দে
হারিয়ে গিয়েছে তা পাছে।
প্রাপকের হাতে, প্রাপ্তিটা যেনো
দেবার সময়টা হয়নি
ঝরে যাওয়া ফুলটা, ঝরার আগে
অভিমানে, আর কোন কথা কয়নি।
তাই নাকি আজিকে, নির্লিপ্ত আঁখিতে
পিছনের পানে ফের চাওয়া
যতই কহিনা কেনো নিজের মাঝেতে
যাবে কি আর তা ফিরে পাওয়া!....

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

বিভাজিত বিভাজন
খন্ড-খন্ড-খন্ডিত মানচিত্রের বিভাজন
ধর্ম-বর্ণ-গোত্রের বিভাজন
ভাষা-কৃষ্টি-সভ্যতার বিভাজন
রাজনৈতিক-অর্থনৈতিক-কুটনৈতিক বিভাজন
শিক্ষা-অশিক্ষা-কুশিক্ষার বিভাজন
দল-মত-আদর্শের বিভাজন
পাত্র-মিত্র-অমাত্যের বিভাজন....
বিভাজিত বিভাজন।
- হাকিকুর রহমান
 

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

নীরব স্বাক্ষী
হাকিকুর রহমান 
 
জলধি ডাকিয়া কহে,
ওহে হিমাদ্রি, তুমিতো রহো নিশ্চল-
আর আমি উত্তাল রহি
বুকে লয়ে কোটি কোটি বিন্দু জল।
হিমাদ্রি চাহিয়া কহে,
ওহে পয়োধি, তুমি যাও বয়ে-
আর আমি স্তব্ধ রহি হেথা
শত সহস্র জীবনের স্বাক্ষী হয়ে।
(জলধি, পয়োধি-সাগর;
হিমাদ্রি-হিমালয়)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

কে যায়
হাকিকুর রহমান 
 
কে যায়, কে যায়
বন বীথিকায়
পথটাতো ঘেরা
আধো আলো, আধো ছায়।।
যায় সে হেঁটে যায়
আঁলতা রাঙা পায়
পাতা ঝরো জরো
ক্ষণ দখিনায়।।
দুই ধারে চাহি
মৃদু সুরে গাহি
জলে ছলো ছলো
মন যমুনায়।।
হৃদয়ের তীরে
আলাপন ঘিরে
ধীর পায়ে চলে
কারে খুঁজে পায়।।
কে যায়, কে যায়।।
(সর্বস্বত্ব সংরক্ষিত)