Thursday, April 9, 2020

Bhatiari
Hakikur Rahman

Go on, oh my helmsman
Bhatiari's pasture
Where your heart falls
To watch someone.
All day long
That's how you row
Leave the house
The sun goes down.
Over here you do
Sing the song of life
As long as the sky is cloudy
Row anyway.
How much hope in the mind
Take you on
The days were all lost
Can't say that.
শেষের শুরু
হাকিকুর রহমান 

শেষ হইয়াও হইলোনা শেষ,
তাইতো রহিয়া গেলো তাহার অবশেষ।
কাহারে আজিকে কোন সুরেতে ডাকি,
কিছু পাইবার তরে অধীর আগ্রহে থাকি।
ভাবনার আগেই হইলো তো চলা শুরু,
চলিলাম তো অক্ষ হইতে অক্ষে, বেদনার ভীড়ে হৃদয় হইলো পুরু।
অরক্ষিত সীমানায় হারায়ে ফেলেছি নিজেকে,
পথটাকে আলোকিত করার সকরুণ প্রচেষ্টা, ক্রমান্বিত বর্ষীয়ান হইবার আলোকে।
বিস্মরণের ছায়ায় তবুও খুঁজিয়া ফিরি,
দিবাতো ঢলিলো পচিমেই, আর সমুখে হেরি ধবল গিরি।
আর নহে পশ্চাতে ফেরা,
আর নহে “গতস্য শোচনা” বিলক্ষণ-
দূর হয়ে যাক যত অনুশোচনা,
দূরেতে রহুক সকল অলুক্ষণ।
ভ্রান্তিবিলাস
হাকিকুর রহমান 

কৌটিল্য কিম্বা কাত্যায়ন,
যে যাহার ক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ।
খনা কিম্বা গ্যালিলিও,
হতে পারেনি অনেকের কাছে অতিপ্রিয়।
ভ্যান গগ্ কিম্বা জীবনানন্দ দাশ,
সমাজ তাহাদের চিনে নাই, সকলই ছিল ভ্রান্তিবিলাস।
সুকর্ণ কিম্বা কামাল আতাতুর্ক,
পেয়ে গেছেন কি তাঁহারা স্বাধীনতার প্রকৃত সুখ?
প্রশ্ন করিয়া ফিরি আজি কাহার কাছে,
উত্তর দেবার তরে হেথায়, কেইবা আছে!
ছড়াঃ তিড়িং-বিড়িং
হাকিকুর রহমান 

চিংড়ি করে তিড়িং-বিড়িং
খলসেটা দেয় ঝাপটা,
লাফিয়ে পড়ে ট্যাংরা, পুটি
বাপরে কি বাপটা।
নেংটি ইঁদুর দেখে ভয়ে
হুলোবেড়াল কাঁপে,
বাঁশ বাগানের ঝোপের ভেতর
নেউল তাড়ায় সাপে।
খ্যাংরাকাঠি চামচিকেটা
পিঠে মারে লাথি,
হাটুভাঙ্গার হাটু জলে
ডুবে মরে হাতি।
ভেংচি কেটে কাঠবেড়ালী
কাটলো গাছের মাথা,
ল্যাংড়া শেয়াল কেঁদে মরে
নেইতো কারও ব্যথা।
হ্যাংলাপনা করে বকন
মাঠের দিকে ধায়,
লেজ গুটিয়ে ক্ষ্যাপা কুকুর
আড়ে আড়ে চায়।
অদৃষ্ট
হাকিকুর রহমান 

পরিধি তো পরিধিই-
তার ব্যাস, ব্যাসার্ধ তো ধ্রবক।
আর জীবনের প্রয়োজনে
সেই পরিধির চারপাশেই,
চলে আনাগোনা।
হায়রে অদৃষ্ট!
বিনা প্রয়োজনে কি একবারও ফিরিবিনা চেয়ে?
ঘনঘোর সাঁঝে, কিম্বা প্রলয়ঙ্কর কোন প্রাতে-
পাবোকিনা দেখা।
কি শূন্য উপলব্ধি!
আহা, কতোযে পৌনঃপুনিকতার বিন্যাস-
কোন এক খন্ডিত উপন্যাসের ছেঁড়া পাতা,
চৈত্রের খরতাপে, স্মৃতির পদচারনায়
মর্মর ধ্বনি উঠে সেথা,
তবে তা নিতান্তই অস্ফুট।
ভাবনার ঘনীভূত ধোঁয়াশায় ঢেকে যায়,
সেই অদৃষ্ট-
ক্রমান্বিত অবতারণায়ও তার দেখা মেলা ভার।
সেতো অবিনাশীভাবে অদৃশ্য!
চরণচিহ্ন
হাকিকুর রহমান 

চরণচিহ্নগুলি-
ঢাকা পড়িয়াছে কবে কবে,
কোন সে অবেলায়
পদে পদে বাড়িয়াছে শুধু ধুলি।
এমনি লগ্নে আবার-
নতুন করিয়া ধরিলাম পথ চলা,
থাক পড়ে থাক পিছু
যা কিছু গিয়াছে যাবার।
আর নয় বিলাপ-
নীরবেই মুছি অশ্রুত আঁখি,
ক্ষণকাল রয় বিস্মৃত হয়ে
তিরোহিত হয় সংলাপ।
আশার সাগরে ভাসি-
ধরিলাম হাল,
সমুখে যাবার তরে
চলমানতায় ভালোবাসি।
সারেঙ্গী
হাকিকুর রহমান 

সারেঙ্গীটা উঠলো বেজে এ কোন সুরে,
ঘুম ভাঙ্গিয়ে কাড়লো হৃদয় সে কোন দূরে।
ঘরছাড়া মন কোন দিশাতে পথ হারালো,
যাবার বেলা আসবে বলে হাত বাড়ালো।
বাঁধন ছেড়া তারে কি আর লাগে জোড়া,
বাতায়নে রইলো পড়ে শুকনো তোড়া।
আগামীকে পাবো কি আর চিনে নিতে,
খেই হারানো দিনগুলিকে সাজিয়ে দিতে।