Friday, September 4, 2020

যুগল কবিতা
সুখ নামের পাখি
হাকিকুর রহমান 

“সুখ নামের সুখ পাখিটা”
বন্দী হলো সোনার খাঁচায়,
ঝাপটে মরে বাইরে যেতে
কেইবা আছে তারে বাঁচায়।
ছিল সে একাই পড়ে
ছিল না তার কোন আশা,
হলোনাতো স্বপ্নপূরণ
অশ্রুজলে শুধুই ভাসা।
গেলো সব উধাও হয়ে
গেলো তারা কোথায় চলে,
গেলো চলে সকলই হায়
গেলো চলে কোন সে ছলে।
নিলোনা কেউতো ডেকে
নিলোনা কাছেতে আর,
দিলোনা হাত বাড়িয়ে
দিলোনা খুলে যে দ্বার।
ভুবন মাঝীর ঘাট
হাকিকুর রহমান 

যোগ-বিয়োগের অংক কষে
জীবন কেটে যায়,
থেবড়ো পথে পিছলে পড়ে
পিছন ফিরে চায়।
ধ্যান-ধারনার উর্ধ্বে উঠে
আবার চলা শেষে,
চাওয়া-পাওয়ার হিসেব গুলো
যায়যে কোথায় ভেসে।
সামলে নিয়ে তবুও চলা
কোনসে মতি আটে,
এমনি করে কাটে প্রহর
ভুবন মাঝীর ঘাটে।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
যুগল কবিতা
ফাগুন রাতের ধুন (সুরেও গাওয়া যায়)
হাকিকুর রহমান 

মন যে আমার হয় বিবাগী
বাঁশের বাঁশির কান্না শুনে,
তন্দ্রাহারা রাত্রি জাগে
উদাস করা ক্ষণটি গুনে।।
কি বাহারে ভোমরা উড়ে
বনমহুয়ার পাপড়ি জুড়ে
সুবাস ছড়ায় শুভ্র জুঁথী
কাতর ঘুমে পথ সারথী,
কে যে কোথায় রইল জেগে
মায়ায় ভরা জালটি বুনে।।
চাঁদনী রাতে তন্দ্রা কাড়ে
কোন আবেশে ভাবনা বাড়ে
লজ্জাবতীর লতা ঘুমায়
শিহর ভরে প্রাণটা জুড়ায়,
মন যে কাড়ে দূর পাহাড়ে
ফাগুন রাতের কোন সে ধুনে।।
অচীন গাঁ
হাকিকুর রহমান 

কে জাগে ওই চাঁদনী রাতে
বাঁশীর সুরে ঘুম ভাঙ্গাতে।।
জাগলো বঁধু সুখ স্বপনে
কাড়লো দিশা দূর গগনে।
শিথান জুড়ে জমলো আশা
নিশীথ কালে কমলো ভাষা।
পান্থ পাখির পাখার ছায়ে
নিদ্রা কাতের তিত ঘুমায়ে।
যায় যে বেলা আলসে বায়ে
জনম গেলো অচীন গাঁয়ে।।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
যুগল কবিতা
না বলা কথা
হাকিকুর রহমান 

হাত বাড়িয়ে পাইনে তো সুখ
পা বাড়িয়ে দিশা,
সবাই তো আজ হলো বিমুখ
ভরলো অমানিশা।
মনের ভুলে পথ হারিয়ে
ঘুরছি পথে পথে,
পাইনা তো আর পথের দেখা
ব্যর্থ মনোরথে।
তারায় তারায় ভরলো আকাশ
চাঁদের দেখা নাই,
খুঁজতে গিয়ে ধ্রুবতারা
তাকিয়ে থাকি তাই।
সামনে গিয়ে ঘাড় ফিরিয়ে
পিছন দিকে দেখি,
না বলা সব মনের কথা
খাতায় গেলাম লিখি।
দিন যে কাটে
হাকিকুর রহমান

দিন যে কাটে হেলা ফেলায়
জীবন কাটে সাগর বেলায়।
দিনের শেষে রাত্রি আসে
ইচ্ছেগুলো হাওয়ায় ভাসে।
ভ্রান্তিগুলো যায়না সওয়া
ক্লান্তিগুলো যায়না বওয়া।
ভাবনাগুলো ধরছে চেপে
তবুও চলা পথটা মেপে।
কত কিছুই গেলাম দেখে
চিহ্নটাতো যাইনি রেখে।
কোথাও বৃষ্টি, কোথাও খরা
এমনি করেই চলছে ধরা।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
যুগল কবিতা
সমুখে পা
হাকিকুর রহমান 

বসন ভূষণ হলো মলিন
বয়সটাতো হলো প্রবীণ।
কর্মকান্ড গেলো বিফল
বাঁধনটাতো লাগে শীতল।
দিনগুলো সব হারিয়ে গেলো
পথটা করে এলোমেলো।
মনটা তবু রাখি খাঁটি
প্রাণটা করে পরিপাটি।
দিলাম আবার পথে পা
সমুখ পানে চলে যা।
পথের কথা
হাকিকুর রহমান

কান্না-হাসির এই মেলাতে
সময় কাটে কোন খেলাতে।
দিনের শেষে রাত্রি আসে
তারায় ভরা গগন হাসে।
কত জনার আনা গোনা
কত কিছুই যায় যে শোনা।
কাটে যে কাল এমনি করে
থাকে যে মন এমনি ভরে।
পথের কথা পথেই থাকুক
আগ বাড়িয়ে সামনে ডাকুক।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
সস্তা কথন
হাকিকুর রহমান 

ব্যস্ত সে যে, ব্যস্ত কে যে
ব্যস্ত দেখি সকলে,
তপ্ত ধরায়, সত্তা হারায়
বুদ্ধি কাটে ধকলে।
ঠান্ডা লড়াই, জব্দ বড়াই
প্রাণটা খুলে কেঁদেনি,
দেখলে দেখুক, শিখলে শিখুক
কুমন্ত্রণা ফেঁদেনি।
চলন বাঁকা, বলন ফাঁকা
তাইতো তারে চিনিনি,
হাতের কাছে, সবই আছে
সস্তা পেয়েও কিনিনি।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
কোরাস (একা একাও গাওয়া যায়)-
 
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে-
হ্যাংলা গাধা বড়ই খোড়া (২)
নেতিয়ে পড়ে রে,
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে।।
জোরে-
তাইতো আমি লেংচে মরি
হ্যাংলা গাধার কানটা ধরি
বেসুরেতে গানটা করি।।
আবার-
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে-
হাঁদা গাধা ত্যাদোড় ভারি (২)
দৌড়ে মরে রে,
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে।।
ল্যাংড়া ও গাধা
তথ্য-উপাত্তেঃ হাকিকুর রহমান
(সর্বস্বত্ব সংরক্ষিত)
শেষের গান
হাকিকুর রহমান 

সাঁধ ছিল মোর হবো ভোরের পাখি,
সবার আগে ফুল বাগানে উঠবো আমি ডাকি।।
সাঁধ ছিল মোর হবো নায়ের পাল,
ভরা গাঙ্গে ঢেউয়ের তোড়ে ধরবো আবার হাল।।
সাঁধ ছিল মোর হবো মেঘের ভেলা,
দূর গগনে প্রাণটা খুলে করবো সেথায় খেলা।।
সাঁধ ছিল মোর হবো শেষের গান,