Friday, February 5, 2021

 

সবাই বিকোয়
হাকিকুর রহমান 
 
কেউবা বুদ্ধি বিকোয়
আর বসে বসে খায়,
কেউবা নির্বুদ্ধিও বিকোয়
আর ভালোভাবেই পাতপুরে খায়,
কেউবা কথা বিকিয়েই জীবন কাটায়
তাতো, দিব্বি কাটায়।
কেউবা জালভর্তি মাছ ধরে বিকোয়-
তারপর শাকান্ন খায়
আর ঘরভর্তি লোকগুলো
জালেতে মাছের গন্ধ শোঁকে,
কেউবা গাভীর দুধগুলোকে চিপে চিপে
শুকিয়ে ফেলে বিকোয়-
তারপর শাকালু সেদ্ধ করে খায়
যদিওবা শুকনো বকনটা শুকনোই থাকে।
কেউবা ক্ষয়ে যাওয়া শরীরটাকেই বিকোয়-
আর খরচাপাতি চালায়,
কেউবা অনিচ্ছা সত্বেও স্বপ্নগুলোকেই বিকোয়-
তারপর অনায়াসে দিনের পাট চুকোয়।
তা বিকোয়,
সকলেই কম-বেশী, কিছু না কিছু বিকোয়-
নইলে জঠরের উনুনে খড়ি দেবে কে?

 

অশ্বকথন
হাকিকুর রহমান 
 
অশ্ব হইতে সওয়ার অবশেষে
বিভোর হইয়া
নামিলেন মর্তে,
অশ্বটি তাহার হঠাৎ করিয়া
অদৃশ্য হইলো
এক বিশাল গর্তে।
ধারনা ছিলোনা তাহার
এরূপ হইতেও পারে
কোনও ঘটনা,
যদিও বিশ্বাসযোগ্যতা ছিলোনা
তাহাতে, মনে হইয়াছিলো
সব কিছুই রটনা।
উপায়ান্তর না দেখিয়া
অশ্বকে পুনরুদ্ধার করিবার
নিদারুণ প্রচেষ্টা,
অশ্বটি সহ বাহনটিও হারাইয়া
অন্তরে আবিষ্ট হইলো
সকরুণ তেষ্টা।

 

শীতের শুভেচ্ছা
হাকিকুর রহমান 
 
শীতের সাঁঝের বেলা
মিহি বায় করিছে খেলা।
সূর্য ডুবে প্রতীচী পানে
পাখিকুল ঘরে ফিরে মায়ার টানে।
কাঁধে নিয়ে রসের হাড়ি
গাছি ফিরে নিজ বাড়ি।
কনকনে ঠান্ডা থামেনা যেনো
সকলে মিলে তাই আগুন পোহানো।
ভোরবেলা রসে ডোবানো পিঠা
বড়ই সুস্বাদু, খেতে লাগে ভারি মিঠা।
অতি শীতে মরি ভাই
তবুও শীত আসা চাই।

 

কান্না কুড়োতে চাই
হাকিকুর রহমান 
 
কান্না কুড়োতে এসেছি মাগো, এই অবেলায়-
কুকড়িয়ে যাওয়া মনের কান্নাগুলো
যে গুলোকে তুলে রেখেছো শিয়রের কাছে-
আমি তো কান পেতে সেগুলোকে শুনতে পাই,
তাতে, আমার কি দোষ হলো, তুমিই বলো।
সোনার ফসলেতে ভরে আছে ক্ষেত-
রাঙা মাটির বিরান পথটা তবুও কেন কাঁদে,
শূন্য আঙিনাটাই বা কেন কাঁদে,
বুঝতে পারিনে মাগো, তোমার ছায়ার
পরশ পেতে, বুকের আলোতে বিলীন হতে
আমিও যে কাঁদি।
শারদ সকালে ঝরা বকুলের কান্না
কেন শুধু আমিই শুনতে পাই, মাগো-
ঝর্ণার জল, গোল নুড়িগুলোকে বুকের
ভেতরে নিয়ে বয়ে যায় যখন, তার
কান্নার প্রতিধ্বনিও যে আমি শুনি।
বুনো সূর্যের আলোয় একাকী মরুদ্যানটা
কি হাসে, না কি কাঁদে, সে খবরটা
কেইবা রাখে? আলোর প্রার্থনায়
মায়ের পাখার নিচে বসে ছোট্ট পাখিটা
কি হাসে, না কি কাঁদে, কেইবা জানে।
তবুও বুকের পাজরে থিতিয়ে থাকা
কান্নাগুলোকে কুড়িয়ে যেতে চাই, মাগো।

 

পুনরারম্ভ
হাকিকুর রহমান 
 
ধ্যান ধারনার উর্দ্ধে উঠে আবার বিচরণ
সত্যি কথা বলার ফলে এমন আচরণ।
চলতে পথে পিছলে পড়ে ক্ষণিক থামা সেই
পিছন ফিরে তাকিয়ে দেখি পায়ের চিহ্ন নেই।
ঘুম তাড়ুয়া চিন্তাগুলো চেপে বসে রাতে
নতুন আশার স্বপ্নে বিভোর হইযে প্রতি প্রাতে।
কেমন করে ঘটলো এসব বুঝতে পারিনিযে
এমন দিনও দেখতে হবে তখন বুঝিনিযে।
কার কাছে যে বিচার দিবো স্বাক্ষী সবুদ নেই
উপরে আছেন সৃষ্টিকারী শেষ ভরসা সেই।

 

শীতের পিঠা
হাকিকুর রহমান 
 
রসের পিঠা, বড়ই মিঠা
রসে ভিজিয়ে রাখার ফলে
সেতো নিখাঁদ, খেতে সুস্বাদ
ঘ্রাণে জিহ্বা ভরে জলে।
শীতের দিনে, আনো কিনে
চালের গুড়ো, মিঠা গুড়
চুলার পাড়ে, মাচার আড়ে
পিপড়া বাড়ায় শুড়।
একটু বসো, ক্ষণিক রোসো
হচ্ছে রসের পিঠা
ভিজলে রসে, থাকলে বসে
লাগবে তখন মিঠা।
ছেলে-পুলে, সবাই মিলে
রসের পিঠা খেয়ে
খালি হাড়ি, মাথায় বাড়ি
কর্তা আসেন ধেয়ে।

 

সাঁঝের কোল
হাকিকুর রহমান 
 
ওহে বনমালী
ঘুমাও তুমি হোথা স্বস্তিতে,
কাঁদিয়া ফিরিবে না আর
কহিবো কথন অস্তিতে।
বৈঁচি ফুলের গাথিয়া মাল্য
পরাইবো তোমার গলেতে,
গাহিবো আবার পরাণ খুলিয়া
বাহিবো স্রোতের ঢলেতে।
দোলন চাঁপা, কেতকী ফুলেতে
সাজাইবো ফুল ডালি,
ব্রহ্মকমল, দোপাটি তুলিয়া
ভরাইবো মোর ডালি।
দখিনা বাতাস, বাতায়ন ঘিরে
ডেকে নিতে চায় দূরে,
উতলা পরাণ, উছলিয়া যায়
বাঁধা থাকে সেই সুরে।