Sunday, May 16, 2021

কাঁদতে শিখেছি
হাকিকুর রহমান

কাঁদতে যখন শিখেছি একবার
মাগো,
কেইবা আর কতো কাঁদাবে-
ঘরছাড়া যখন হয়েছি একবার
মাগো,
কেইবা আর ঘর থেকে তাড়াবে।
চিহ্ন মেপেই তো পথে দিয়েছিলাম যে পাড়ি
বুঝতে পারিনিকো কখন বিচ্যুত হয়েছে গাড়ি,
কথাগুলি সবই রইলো যে পথেতে পড়ে
পারিনিকো কিছুই নিজের মতো নিতে গড়ে।
তাইতো এখন হিসেব করিনে আর
মাগো,
থাকুক না খাতাটা শূন্য-
সাঁঝের প্রদীপ কেইবা জ্বালাবে আর
মাগো,
সে আশা রইলো যে অপূর্ণ।

কর্মফল
সুন্দরেরে ডাকিয়া কহিলাম, ওহে
তুমি তো সদা অতি মনোহর
তবে কেনো নাপিতেরে সকলে
নরসুন্দর কহে?
সুন্দর স্মিত হাসিয়া কহে,
শ্রবণ করোহে বটে-
এ পৃথিবীতে যাহা কিছু আছে
তাহা নামে নয়,
তাহা কর্মফলেই ঘটে।

- হাকিকুর রহমান

মৌনতারে ডাকি
হাকিকুর রহমান

শুধাইবো কাহারে, কাটে কাল
অনাদিকালের তরে
অনন্ত রাত্রি পারে।
হায়রে অনাদিকালের অতীত,
তুমি নীরবে, নিভৃতে
কার সাথে কথা কও-
যুগ যুগান্ত ধরে
পিয়াসি চিত্তে
মোর সাথে জেগে রও।
কত জীবনের আরাধনা,
কত সাগরের জল-
মিলেমিশে আজি একাকার হলো, তবু
বুঝিতে পারিনি তার
সমসাময়ীক ছল।
ঘটমানতায় নিবৃত রাখি,
তরঙ্গহীন সায়রে ভাসিয়া, হইযে আলুথালু
তবুও কেন জানি, কাতর চিত্তে
মৌনতারেই গেলাম ডাকি।

ছড়াঃ ভূতের কেচ্ছা
হাকিকুর রহমান  

হাচ্ছো! হাচ্ছো!!
এই যে শোন খোকা খুকু
কেমন মজা পাচ্ছো?
আমড়াগাছের
দামড়া ভূতের কেচ্ছা শুনে
ভয়ে কি সব গাচ্ছো!
শেওড়াগাছের মগডালেতে
মামদো ভূতের বাসা তাতে,
ভর দুপুরে গাছের তলে
তোমরা কেন নাচ্ছো?
বাঁশবাগানের আঁধার পাঁকে
খ্যাংরা পেত্নী লুকিয়ে থাকে,
রাত বিরেতে ঘুমের ঘোরে
কেন সেথায় যাচ্ছো?
আগলে রেখে ঘরের দুয়ার
খেমতা আছে বাইরে যাবার,
দাদী-নানীর কেচ্ছা শুনে
ভিমরি কেন খাচ্ছো?
হাচ্ছো! হাচ্ছো!!

 চেতনার দর্পণ
হাকিকুর রহমান

দুঃখ হেরি সুখ মোর, করে নিভৃতে গমন
জীবনের কষাঘাতে, ভীরু ভীরু পদে, পিছু পলায়ন।
কার ব্যথা কেবা বোঝে, সবই কাকস্য পরিবেদনা
ক্ষণিকের তরে উজ্জীবিত হয়ে, সমুখের পানে পদচারণা।
সময়ের বশীভূত কর্মকান্ড, মনো পিঞ্জরে রাখি
চেতনার অভিসারে বিদীর্ণ বক্ষে, কিভাবে কাহারে ডাকি।
অভিপ্রায় মিটিলোনা কেনো জানি, এ জগতে হায়
কাছে যারে রাখি ধরে, সেতো দূরে চলে যায়।
জীবনের কাছে বিনা বাক্যব্যয়ে, এ যেনো আত্মসমর্পণ
মায়াজাল ঘিরে হৃদয় গভীরে, ধরি চেতনার দর্পণ।

Thursday, March 11, 2021

 

গন্তব্যের হাতছানি
হাকিকুর রহমান 
 
পায়েতে কখন বিঁধেছে চোরা কাঁটা
কাঁদিয়া কহে উচ্চাকাঙ্খা,
তাহলে কি হঠাৎ করিয়াই, পিছাইয়া পড়ার
রহিয়াছে আশঙ্কা?
 
উদাসীনতা, কি সেথায় আসিয়া
অযথা বাঁধ সাধে?
উৎকন্ঠাহীন আশাগুলি
তবুও কেনো জানি ঘর বাঁধে।
 
কেহ কহে ডাইনে যাও
কেহ কহে পিছু চাও,
প্রাপ্তি-অপ্রাপ্তির গোলকধাঁধায়
নিজেকে, নতুন করিয়া পাও।
 
তাই, একটুখানি জিড়িয়া নেওয়া
পরিশ্রান্ততার ফাঁকে,
গন্তব্য, সেতো অম্লান
আর, সদাই হাতছানি দিয়া ডাকে।
সব ফাঁকি 
হাকিকুর রহমান 
 
ঘরের যারা রইলো ঘরে
পরের যারা হইলো পর,
আপন করে নিলাম যারে
বেলা শেষে ভাঙ্গলো ঘর।
 
গাঙ পেরুনোর আগেই দেখি
ঘাটেতে যে ডিঙ্গি নেই,
সকল কিছুই লাগলো মেকি
অসময়ে খেলাম খেই।
 
ঘরেরও না, পরেরও না
এমন জনার দশা কি?
ভেসে যাওয়া শ্যাওলাপানা
বর্ষা কালের বাসন্তী।
 
হাতের গেলো, পাতের গেলো
রইলো তবে কি বাকি,
দিনের আলো যেই ফুরালো
সাঁঝের আলোয় সব ফাঁকি।