Wednesday, August 26, 2020

বিরহের সুর
হাকিকুর রহমান

কি হবে তাহা জানিয়া, কেন আসে জল নয়নে
তুমি সুখে রহো সখা, রহো তুমি পুষ্প শয়নে।।
এপারেতে আমি সখা, ভাসি বিষাদের বানে
ওপারেতে করো উচ্ছাস, কোন সে স্তব গানে।
হৃদয়ে তো দিয়েছো তালা,
বুঝিবে কি করে বিরহের জ্বালা।
হেথা ঘুরে ফিরি আজি, অধীর চপল চয়নে।।
কাননের ফুল গুলি, রাখি যতনে তুলি
দিতে চেয়েছিনু পরায়ে, চুল বাঁধা খোঁপাটি খুলি।
গেলোযে সবই তার ঝরি,
বুঝিনাতো কেমন করি।
আবার ভিজিলো আঁখি, অঝোর ঝরা কোন শাওনে।।
মাধুকরী হাসি
হাকিকুর রহমান

কেগো বুনেছো সোনারং ধান
কে দাও অথৈ নদীতে পাড়ি,
কেবা বুনেছো মনের মাধুরীতে
রামধনু রঙ শাড়ি।
কেগো হেঁটে যাও মেঠো পথ ধরে
কি যে গেয়ে যাও সুরে,
কেবা গেঁথেছো খোঁপায় যুঁথিকা
ডেকে নাও কোন দূরে।
কেগো পরেছ লাল রঙ শাড়ি
যাবে কি নায়োরে আজি,
কেবা চেয়ে রও নীলিমার পানে
গোধূলির সাঁঝে সাজি।
কেগো গুনেছ স্মৃতিভরা দিন
রয়ে যায় ছেলে বেলা,
কেবা শুনেছ মাধুকরী হেসে
করে যায় কত খেলা।
শিরোনামহীন কবিতা
হাকিকুর রহমান

একদল শামুকখোল পাখি,
ভেবেছিলো, বাকি জীবনটা এভাবেই
নিশ্চিন্তে কাটিয়ে দেবে,
এই নীরব, নিঝুম গাঁয়ে।
ছিলোতো, ভালোই বাসা বেঁধে
শিমুলের শাখে,
দখিনা বাতাসে দুলুনি
খেয়ে কেটে যেত, দিনগুলো।
কিন্তু, তারা মানুষকে চিনতে
ভুল করেছিলো খুবই,
কারণ, যেইনা এক প্রচন্ড ঝড়ে
ভাঙলো শাখা, ভাঙলো বাসা,
আর, লুটিয়ে পড়লো সবাই
ডানা ভেঙ্গে মাটির কোলে।
তখন, ওই চিনতে না পারা মানুষগুলো
কি বিভৎস হাসি হেসে,
একে একে জবাই করে
খেয়ে নিল, নিষ্পাপ পাখিগুলোকে।
কোন এক, বিভ্রান্ত পথিক
অনেক চেষ্টা করেছিল,
ওদেরকে বাঁচানোর
সকলের বাড়ি বাড়ি ঘুরে।
তবে, ততক্ষণে হয়ে গেছে
অনেক দেরী, কেউ এক মুহুর্তও
করেনি অপেক্ষা।
শুনতে পায়নি, ওই নিরীহ পাখিগুলোর
বোবা কান্না, তাই পথিকটা
ভাঙ্গা মন নিয়েই,
ঘরে ফিরে গেলো।
হায়! এ কেমন
প্রবৃত্তি, মনুষ্যকুলের।

(ঘূর্ণিঝড় আম্পানের ঝড়ো হাওয়ায় অসহায় হয়ে পড়েছিল নাটোরের বড়াইগ্রামের বাজিতপুর গ্রামের গাছে ঠাঁই নেওয়া শামুকখোল পাখিগুলো। কিন্তু, তাদের প্রতি সহায় হওয়া তো দূরের কথা। সবাই মিলে মাটিতে পড়ে যাওয়া সবগুলো পাখিকে জবাই করে খেয়ে নিলো। হায়! আমরা কি করে নিজেদেরকে মানুষ হিসেবে দেখি। তাই, মনের দুঃখে লিখলাম এই শিরোনামহীন কবিতাটি।)
ক্ষমা চাই
হাকিকুর রহমান

মোর আছে যত আঁখিজল
ঢেলে দিছি তব পদতলে,
ওহে প্রভু
মার্জনা করোহে মোরে,
ভুলে গেছি কোন ছলে।।
মোর নিদহারা রাতি,
শিয়রে জ্বলে নিভু নিভু বাতি।
গেয়ে যাই আমি
তব বন্দনা, পলে পলে।।
আমি রহি বসে
স্মরিগো তোমারে, নীরবে, নিভৃতে
এই অধরা ধরাতে
চাইযে পেতে, শুদ্ধতম সম্বিতে।
শূন্য হস্তদু’টি
ফিরায়োনাকো হে প্রভু,
ক্ষমিয় মোরে
যদি ভুল করে থাকি কভু।
তৃষিত প্রাণেতে
ভরাও তব কৃপা
সুবাসিত পরিমলে।।
অপ্রতিভ তিথি
হাকিকুর রহমান

কি ভাবিয়া গাহিয়া উঠিলাম
নিকষে বাঁধা করুণ গীতি,
স্তব্ধিয়া চাহি নিলিমার পানে
দৃশ্যত হয় বরুণ স্মৃতি।।
উদাসী সুরে গাহে কোন বয়াতি
নিমগ্ন চোখে চাহে তার নিয়তি।
শাখা পল্লবে মৃদু বহে সমীরণ
তবুও নির্লিপ্ততায় রহে, অপ্রতিভ তিথি।।
প্রকৃত সুখী
হাকিকুর রহমান

আকারে-প্রকারে বৃহৎ হইলেই
কি গুণগত মান বাড়ে?
বিশুদ্ধতা প্রস্ফুটিত হইলেই
তবে, সকলের মন কাড়ে।
যুগে যুগে আসিয়াছেন হেথা
কত বিদগ্ধ গুণীজন,
সকলেই কি পাইয়াছেন সফলতা?
কে কহিতে পারিবে বিলক্ষণ!
সম্বিত ফিরিয়া চাহিলে পরে
পরিলক্ষিত হয় সকল,
তবুও দ্বিধাদন্দে পড়িতে হয়, চিনিতে
কোনটা আসল, আর কোনটা নকল।
অনিশ্চয়তার পারবশ্যতায়
সংশয় বাড়ে, সকল কর্মকান্ডে
কে কহিতে পারিবে,
সেই সত্যিকারে সুখী
এই বিশ্ব ব্রহ্মান্ডে!