Friday, February 7, 2020

নদীপাড়ের জীবন
হাকিকুর রহমান

একুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
নদীপাড়ের জীবন যাদের
অনেক ত্যাগের ভুবন তাদের।
তবুও তারা যুদ্ধ করে
এই জীবনের পরিসরে।
নদীর সাথে তাল মিলিয়ে
এই জীবনের খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
প্রয়োজন
হাকিকুর রহমান

রজনী ডাকিয়া কহে, ওহে দিবাকর-
রাঙাও ধরিত্রীকে, কিযে মনোহর।
আমিতো আড়াল করি, দিবসের আলো-
চাঁদ-তারা বিনে আমি, অতিশয় কালো।
দিবাকর হাসি কহে, মিত্র তুমি-
স্বস্তি ছড়াও তোহে, পূন্য ভূমি।
ধরণীতে উভয়েরই, আছে প্রয়োজন-
দিবস-রজনী মিলে, যত আয়োজন।
বিধান
হাকিকুর রহমান

নদীর এপার থেকে ওপার
সবসময় সুন্দর মনে হয়
মনে হয়, ওপারেই যতো সুখ
কিন্তু, পৃথিবী মায়াময়।
এপারেই থাকো আর ওপারেই যাও
যতই জীবনের চাঁকা ঘোরাও
বিধান যেখানে করা আছে
তার বাইরে যাবেনা কোথাও।
গুণ
হাকিকুর রহমান

প্রজাপতি কহিল ডাকি, ওহে ভোমরা,
কত ঘুরে ফিরি রঙিন পাখায়,
তবুও বাউলের কাছে এত প্রিয় তোমরা?
তোমারে লয়ে তুলে সে কতনা সুর,
আমিতো অদেখাই রহিলাম-
যতই উড্ডীয়মান রহি বহুদূর।
ভোমরা কহিল কানে কানে,
মম গুঞ্জন উচকিত করে প্রাণে প্রাণে।
উপর্যুপরি, করিয়া আরোহিত মধু ভক্ষণ,
সকলেই প্রীত রহে চিত্তে ও নিরাময়তায় বিলক্ষণ।
চন্দ্রমল্লিকা
হাকিকুর রহমান

চন্দ্রমল্লিকাকে দেখবো বলে,
বসেছিলাম কানন তলে-
কেমন করে কাটলো বেলা,
কোন কিছু নাহি বলে।।
জোসনা ভরা আকাশটাকে দেখবো বলে
বসেছিলাম হৃদয় খুলে-
মেঘেরা সব দিল ঢেকে,
হয়নি দেখা চোখের ভুলে।
জোয়ার-ভাঁটা দেখবো বলে,
বসেছিলাম সাগর বেলায়-
কান্না-হাসির মেলাটাযে মিশলো সেথা,
ভাবিনিকো কোন সে খেলায়।
পায়ের চিহ্ন দেখবো বলে,
বসেছিলাম পথের মাঝে-
পেলাম নাতো রেখা কিছুর,
দিন ফুরালো আঁধার সাঁঝে।
পরিত্রাণ
হাকিকুর রহমান

অরণ্য ফুকারি কহে, ওহে মনুষ্যকুল-
নীরবে, নিভৃতে রহি, ইহা কোন ভুল?
ছায়া দিয়ে, ফল দিয়ে, রাখি প্রীত তবে-
মায়াময় পরিবেশ, ভরা থাক ভবে।
যে কোন সুযোগেই, কর্তিত হই-
তোমাদের কর্মকান্ডে, সন্ত্রস্ত রই।
কবে হবে তোমাদের, পরিমিত জ্ঞান-
সেই দিন আমাদের, হবে পরিত্রাণ।
অনুধাবন
হাকিকুর রহমান

খাঁচার পাখিটার মনে বড়ই মান,
খাঁচাটাকে মনে করে সে এক পুস্পক উদ্যান।
মনের আকুলতায় সে, আকাশের পানে চায়-
অন্য কোন প্রাণীকে করেনা গন্য,
নিজমনে কিযে সুরে গেয়ে যায়।
একদা খাঁচার দ্বারটি বন্ধ করা হয়নি ভুলে-
বেরুলো খাঁচা থেকে সে অতি দম্ভে,
চাহিলো উড়িতে ভঙ্গুর পাখাদু'টি তুলে।
কৈ, উড়াতো হলোনা কোন স্বাচ্ছন্দে-
চিনিতে চাহিলোনা অন্যেরা তাহারে,
পড়িলো সে বিষম দ্বন্দ্বে।
অতঃপর, কোনক্রমে খাঁচাতে ফিরিয়া,
দুয়ারে দিলো সে খিল-
জীবনটা দূর হতে দেখা যত সহজ,
কাছে থেকে অনুভব করা তত মুস্কিল।