Friday, February 7, 2020

ভালোবাসা
হাকিকুর রহমান

দুলকি আর মুলকির রয়েছে প্রমাণ,
দুজনায় লড়ে যায় সমানে সমান।
দুলকি ছিল দোহে অতিশয় দ্রুত,
দুজনায় ছিল তেজী লোকমুখে শ্রুত।
মুলকিকে চুরি করে ছোটে তস্কর,
কায়াসের কাছে তাহা লাগে দুষ্কর।
দুলকিকে লয়ে ছোটে তাহাদের পিছে,
তস্কর তৎপর তবু হারে মিছে।
চিৎকারে কায়াস কহে, ওহে হতভাগা
বাঁ কান ধরে টান, তাতে হবে জাগা।
নিমেষেই মুলকি হলোযে উধাও,
ভালোবাসা তাহে কয়, তাহা দেখে নাও।
নিয়তি
হাকিকুর রহমান

জেগে রই, জেগে রই-
সন্ধ্যাতারা যখন ক্লান্ত হয়ে পচিমে ঢলে,
আর নিভু নিভু জ্বলে,
তাদের সাথে অস্ফুট স্বরে কথা কই-
জেগে রই, জেগে রই।।
হায়রে নিয়তি!
কিযে বিষবৃক্ষ বুনেছিনু অশেষ যতন করে-
আর তাই কাল হয়ে কন্ঠে ঝুলে অনাদিকাল ধরে।
যদিও রাহু গ্রাস করেছে সকলই,
তবু হেরে যাবার তরে আমিতো নই-
জেগে রই, জেগে রই।।
হায়রে নিঠুর নিয়তি!!
প্রলুদ্ধতার কবলে পড়েছিনু ক্ষণিকের তরে-
তাই শনি হয়ে দেখা দিলো, আর বিষন্নতায় গেলো ভরে।
তবুও শিহরিত চরণে চলি,
নাওয়ের গলুইয়ে স্তব্ধ দাঁড়িয়ে ভাবনার দাঁড় বই-
জেগে রই, জেগে রই।।
ভোরের যুঁথী
হাকিকুর রহমান

কেগো এসে ভোরের যুঁথী যাও কুড়িয়ে
আবির রাঙা সূর্যি দিলো প্রাণ জুড়িয়ে।
গাছের ছায়ে ডাকছে বসে বন পাপিয়া
"চোখ গেলো", "চোখ গেলো", সুর গাহিয়া।
নদীর ধারে ভাসলো তরী ভাটির টানে
বনের পাখি নিদ ভাঙ্গালো মধুর গানে।
আসা যাওয়ার পথেই ছিলো কাননটি মোর
স্নিগ্ধ হাওয়া বইবে বলে খুলেছি দোর।
টুনটুনিটা জাগার আগেই এসেছিলে
ফুলগুলো সব কুড়িয়ে নিয়ে খোঁপায় দিলে।
মুগ্ধ আমি সেদিক পানে তাই চেয়ে রই
কানন ভরে ফুটুক না ফুল মনটারে কই।
কৃতঘ্ন
হাকিকুর রহমান

কুড়ালের দুঃখ, নাহি তার হাতা,
কাছে কিনারে হেরিয়া এক বৃক্ষ,
কহে, ওহে মোর ত্রাতা।
গদগদ কন্ঠে কহিল,
প্রদান করিবে কি একটি শুকনো ডাল,
তাহা হইলেই কর্মক্ষম হইতে পারি,
ফিরিয়া পাইবো ফের তাল।
বৃক্ষের বিশাল চিত্ত,
কহিল, লও হে ইহাকে,
প্রদান করিলাম তব কর্মের নিমিত্ত।
সম্পূর্ণ হইয়া কুড়াল-
কাটিতে শুরু করিল বৃক্ষের গোড়া,
উপকারীর উপকার স্বীকার করিবার
আছে কি প্রয়োজন থোড়া!

অনুভূতি
হাকিকুর রহমান

প্রতিনিয়ত প্রচেষ্টারত রই
উজ্জ্বীবিত হতে,
নবতর চেতনায়-
অবস্থাদৃষ্টে পরিলক্ষিত হয়
নিমজ্জিত হওয়া,
ঘনীভূত বেদনায়।
আশা নিরাশায় দোলে
চিন্তা-চেতনা-শক্তি উপলব্ধি,
কুজ্ঝটিকার মাঝে খেলে
জন্ম-হতে-মৃত্যু অবধি।
আগামীর আবরনে মুড়ে
তবুও চলা সমুখের যাত্রা,
অনাকাঙ্খিত অভিপ্রেত খুঁড়ে
বাড়ায় শুধু ইতস্ততার মাত্রা।
হৃদয় কাঁদিয়া ফিরে
হবে কবে এর অবসান,
অলক্ষ্য অনুভূতি ঘিরে
ভাবা তাই সারা দিনমান।
প্রকৃত সুখী
হাকিকুর রহমান

গগনের শশী কহে, আমাতেই আছে আলো-
প্রদীপের শিখা কহে, আমাতেই আছে আলো-
মোমবাতি জ্বলি কহে, আমাতেই আছে আলো-
নিওন বাতিটি কহে, আমাতেই আছে আলো-
তারাটি জাগিয়া কহে, আমাতেই আছে আলো-
মশাল হাঁকিয়া কহে, আমাতেই আছে আলো-
জোনাক কাশিয়া কহে, আমাতেই আছে আলো-
তপন হাসিয়া কহে, সকলেই রহো ভালো।
আবহমান
হাকিকুর রহমান

ও বিবাগী, যাওযে হেঁটে
পথটি ভুলে,
উদাস মনে, গাওযে তুমি
কি সুর তুলে।।
নীলকরবী, ফুটলো হোথা
বনের কোণে,
নীরদগুলো, ভাসলো হেসে
দূর গগনে।
গাঁয়ের বঁধু, যায়যে ধীরে
পুকুর পাড়ে,
পায়ের নূপুর, ঝুমুর ঝুমুর
দৃষ্টি কাড়ে।
রাখাল ছেলে, বাজায় বাঁশি
গাছের ছায়ে,
আলসি ঝেড়ে, ঘাটের মাঝী
উঠলো নায়ে।
বনপাপিয়া, ডাকছে শাখে
"চোখ গেলো",
ভর দুপুরে, নীবিড় বায়ে
তন্দ্রা এলো।