Thursday, December 2, 2021

 

শূন্য বাতায়ন
হাকিকুর রহমান 
 
সাঁঝের আঁধার এসেছিলো নেমে
তবুও ঘুমটা কেন যে ভাঙেনি,
শতবার করে ডেকেছিলো কে যেন
যদিও গোধূলি তখনো নামেনি।
 
কার করতলে দিয়েছি যে চুম
ঘুমের ঘোরে তা তো বুঝিনি,
স্মৃতিগুলো সবই তোলাই রয়েছে
তবে মন খুলে তাহা খুঁজিনি। 
 
ডাগর চোখেতে কে যেনো চেয়েছিলো
বুঝিনি সে চোখের ভাষা,
কোন সে আবেগে দোলা দিয়ে গেছে
গতিময় হয়েছে যে আশা। 
 
জুঁই ফুলের মালাটি গেঁথেছে
ও পাড়ার মালিনীর মেয়ে,
চামেলি ফুলের সুবাস ছড়ালো
গাঙ্গ পাড়ে এলো কোন নেয়ে। 
 
কার সে কালো চুলের ছটাতে
আলোকিত করে দিলো ক্ষণ,
অসময়ে আসা বরষার ঢলে
আলোড়িত হলো তনুমন।
 
পা দু’টো ছড়িয়ে বসে রয়েছি
শূন্য বাতায়ন খানি ঘিরে,
কোন সুদূরেতে কে যেনো হারালো
ফিরে আর আসেনিকো নীড়ে।

 

অলিখিত প্রকাশ
হাকিকুর রহমান 
 
কাতর আঁখিতে কারে যে শুধাবো,
বহতা নদীকুলে দাঁড়ায়ে
কার মুখছবি ভাসে এ হৃদয়ে,
দেয় যে বিহ্বলতা বাড়ায়ে।
 
নোনাজল যবে প্রবেশ করেছে,
হৃদয়ের উঠোন ভরে
কারেই বা কি কবো,
কাছেতে ডাকিয়া, হস্ত দু’খানা ধরে।
 
স্বপন রাতিতে কেইবা জাগিছে,
কি কথা নিয়ে তার মনে
তাপিত পরাণে বাড়ে আকুলতা,
বিরহ আচ্ছন্ন প্রকাশনে।
 
বুকের মাঝেতে গাঁথিয়া রেখে কি,
কোনও সুরে যায় গাওয়া
বিদায় নেবার আগের ক্ষণটা,
হয়েছে যে আঁধারে ছাওয়া।
 
অনায়াসে যদি না ভুলিতে পারে,
ভুলিবে তাহারে কিসে
সুখলতা সবই ভাসিয়া গেলো যে,
বেদনা ভরানো বিষে।
 
আঁখির জলে ভাসা পদ্মফুলটা,
দীঘির জলে ভেসে রয়
জোয়ারের স্রোতে ভাসানো তরীটা,
তবু কে যে দাঁড় বয়।
 
প্রকৃতির কাছে কিইবা চাহিবো,
আকাশই বা দেবে কি
বিরহের থেকে স্বরলিপি নিয়ে,
সুরটাকে বেঁধেছি।
 
ভেবেছি যেটুকু পাইনিতো তা,
তবুও আশা করে রই
বুকের মাঝারে বিষাদ ভরায়ে,
ভাবনার দাঁড় বই।
 
অলিখিত ভাবে প্রকাশ করেছি,
না বলা কথাগুলি মোর
ভাবিনি কখনও এই পরিনতি,
হবে নাকি আজ ভোর।
 
ভালোবাসিবার অধিকার যদি,
আর নাই বা থাকে
উঠোনের পরে ঝরা ফুলগুলো,
কেনই বা পিছে ডাকে।
 
("নির্জন কাব্য নিকেতন" থেকে।)
নিঃশব্দকে হঠাৎ একদিন, ডেকে কইলাম,
“তোমার কান্না, আমি শুনতে পেয়েছি”।
সে, সচকিত আঁখিতে চেয়ে শুধালো,
“কি করে?!”
আমি তার উত্তরে, কয়েছিলাম
“কেনো, অনুধাবন করে!
কারণ, আমরা দুজনাই
তো, ওই একই পথের যাত্রী”।
- নিঃশব্দ আর আমি (হাকিকুর রহমান)

 

 

উৎসমুখী হওয়া
হাকিকুর রহমান 
 
তমসা ঘন রাত্রিকে স্বাক্ষী করে,
কিছু নবীন আলো
শপথ নেয়, আলোকিত করবে বলে,
এই ধরাকে-
হৃদয়ের জ্যোতিমাঝে, স্নান করে
নেয়া সেই শপথ,
আঁধারের বুক চিরে,
সমুখের পানে
আগুয়ান হতে চায়। 
 
চরণের ধুলোও যে তার স্বাক্ষী,
অতি পুরাতন স্বাক্ষী
নীরব ছোঁয়াতে, নির্বাক পরশে
পরোতে পরোতে জেগে রয় সাথে-
নক্ষত্র থেকে খসে পড়া উল্কার আলোকে,
পথটা আলোকিত হয়-
যদিওবা ক্ষণকালের তরে,
তবে হৃদয়ের আলো জ্বেলেই
নিরন্তর চলা। 
 
অমোঘ আকাশবাণী, কে শোনালো
দুর্বার আহবানে,
প্রভাতের প্রথম প্রহরে
কে ছড়ালো অরুণালোক, পৃথ্বীর পরে-
স্বরলিপি লিখে চলে
প্রাণের পরশ ছড়িয়ে,
অতিশয় প্রবাহমান।
 
আঁধার-আলোক-ঘনঘোর-তমসা
সকলেই উৎসমুখী হয়।

 

শর্তহীন ছাড়পত্র
হাকিকুর রহমান 
 
কে যেনো কবে কয়েছিলো
অমরতা দেবে-
তা, পৃথিবীর কি কোনও
ছাপাখানা আছে?
যে অমোচনীয় কালিতে
ছেপে দেবে, একখানা
শর্তহীন ছাড়পত্র! 
 
সময়ের পরিধিতে তো
সকলেই পরাধীন সত্তা,
আর, সেই সময়ের অগোচরেই
কোন সে চলা-
আপন সত্তাকে উন্নাসিত
করার আপ্রাণ প্রয়াসে।
 
কে যেনো চুপিসারে কয়েছিল,
সাহিত্য মেপে দেবে,
মেপে দেবে শব্দের বিন্যাস,
আরও মেপে দেবে কৃষ্টি-
তা, আপনমনেতেই
অদৃশ্য হয়েছে লুকোনোর ছলে।
 
এক্ষণে, সঞ্চারিত মনে,
দ্বিধান্বিত হয়ে
নিজের মাঝেতেই
মেপে ফেরা, নিজের পরাজয়।

 

নক্ষত্রের গৌরব
হাকিকুর রহমান 
 
নক্ষত্রের গৌরবেই গৌরবান্বিত পৃথিবী,
যদিওবা উভয়েরই আলো নেই, তবুও
যে যার গোলকে নিরন্তর ঘুর্ণায়মান,
সূর্যের আলোটাকে নিঃশর্তভাবে ধার নিয়ে।
 
তবে, শুধু ওরাই নয়, এই নশ্বর ব্রহ্মান্ডের
সকলেই, এক এক করে কোন বিয়োগান্তক
নাটকের যবনিকাপাতের অভাবে জেগে রয়,
এক অবিনশ্বরের কাছে শর্তহীনভাবে বাঁধা।
 
একটা লাল পাসপোর্টের জন্যে, কতজনাই তো
কতশত প্রচেষ্টা করে চলে, ওদের ওই
সম-অসম ঘুরে চলাতে কোন পাসপোর্টেরই
প্রয়োজন নেই। চলার তাগিদেই চলে ওরা।
 
যদিও ক্ষতি আছে, ভারসাম্যহীনতায়,
আর তার জন্যে অতীব দায়ি, এই মনুষ্যকুল-
তথাপি, নিজেদের গন্ডি মেপেই নিরন্তর কার্যকারিতা।
তবে, একে অন্যের প্রতি নির্ভরশীল।
 
পদ্মপাতাটা,
এক ফোঁটা শিশিরের ভারে ন্যুজ্ব হয়
জোনাকি,
নিকষ রাতের আঁধারে জেগে রয়
দখিনা,
বিকেলের শেষে গোধূলির কানে যেন কি কথা কয়
আর ওদিকে,
মোমবাতির আলোটা, কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিলো যে!
 
("নির্জন কাব্য নিকেতন" থেকে।)

 

পথিকের চরণ
হাকিকুর রহমান 
 
পথিকের চরণে কভু কি ক্লান্তি থাকে?
তাহলে, কি করে ফিরবে, অচিন গাঁয়ের বাঁকে বাঁকে।
নিজের আত্মাটাকে তো কবেই সঁপেছে পথের কাছে,
যদিও বা শুধাবেনা কেহো, ওহে কেমন আছো?
তথাপি ছুটে চলে ক্লান্তিহীন, পুরোনো স্মৃতিগুলোকে লয়ে পাছে। 
 
নিয়তির পরীক্ষায় উত্তীর্ণ হবার উপায় নেই,
তবুও, সীমাকে অতিক্রম করার প্রচেষ্টায় রত রয় সেই।
কেই বা কবে যে কি বীজ বুনেছে জীবনের মাঠে,
কঙ্কালসার দেহখানি লয়ে, পথের কাঙাল, তবুও তো হাটে। 
 
জনশূন্যতার মাঝ দিয়ে, চোখের কম্পাসই তাকে দেয় দিকনির্দেশনা
বোবা অতীত, সেতো নির্বাক চেয়ে রয়, দেয় তারে নিস্তব্ধ প্রেরণা।
কবে কবে যে, নামটা লিখিয়েছে, লক্ষীছাড়াদের দলে
পথটাই কখোনও হয় সাথী, আবার কখনও বিদ্রুপ করে নানা ছলে।
 
রৌদ্রদগ্ধ পথখানা, যেখানে হামাগুড়ি দেয় ভরা চৈত্র
তবুও তাকে এগিয়ে যেতে নেই মানা,
কাকেই বা শুধাবে, গন্তব্যটা কোথায়? আর ওদিকে
অস্তগামী সূর্যের দ্বারে নিকষ আঁধার দেয় হানা। 
 
আশাগুলো, সেই সে কবে, খসে পড়ে গেছে,
যা ছিলো লুকোনো তোরণ চূড়ে
জীবনের গানগুলো, তাতো, বিলীন হয়েছে
নাম-না-জানা ঠিকানায় উড়ে উড়ে।