Saturday, January 4, 2020


বিশ্বাস
হাকিকুর রহমান

বিশ্বাসকে সেই কবে থেকেই বলছি-
কিসের প্রচ্ছন্নতায় ভুগছো?
কোনসে অবচেতনার বেড়াজালে আবিষ্ট করে রেখেছো নিজেকে!
সেই সে অনাদিকাল থেকেই তো-
গোচরীভূত হলোনা তোমার গতিপথ,
অসমাপ্তই রয়ে গেলো তোমার পথ পরিক্রমা।
অতি বিনয়ের সাথে সে উত্তরিলো-
কালক্ষেপণ করেছি যুগে যুগে,
কতোনা অবিস্মরণীয় স্রোতধারায় বয়েছি আলুথালু ভাবে-
কিন্তু প্রকৃত নাবিকের হাতটি পড়েনি দাঁড়ে
যে লক্ষ্যতে পৌছাবো অতি সহজেই।
রাগ (সঙ্গীত)
হাকিকুর রহমান

ওরে দাদা, নাহি বাধা-
খেয়ে আদা, রাগে সাঁধা।।
আহারে!
কি তালে ধরিলে রাগ ভৈরবী
তালে তালে নাচে ঐ গেরুয়া বসনা বৈষ্ণবী।
ধরিলে ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরী
তুলিতে লাগিলে ধ্বনিতে ধ্বনিতে লহরী।
সাথে ধরিলে রাগ আলাহিয়া বিলাবল
হৃদয়কে করিলে অতি আলোড়িত, বিহ্বল।
বসে আরও ধরো রাগ ভিমপলশ্রী
হেরিলে তন্দ্রা, সাথে জাগিলো বনশ্রী।
কি মধুর লাগিলো, রাগ বৃন্দবনী সারং
লয়ের সাথে করো কতো, শারীরিক ঢং।
রাগ-রাগীনিতে হইলো বিমোহিত সকলে
তোমারই এ সাধনা কভু যাবেনা বিফলে।
হাটুরে
হাকিকুর রহমান

সাঁজিয়ে পশরা বসে আছে হাটুরে, হাটের দিনে
খদ্দেররা এসে দামাদামি করে, নিবে তার সব কিনে।
সপ্তাহান্তে এক দিনই তো, সেই সুদূর গাঁ থেকে এখানে আসা
সংসার চালাতে হিমশিম খেতে হয়, তবুওতো হৃদয়ে ভর করে কত আশা।
বউটাকে কিনে দিতে হবে, অনেকদিন পর একটা আনকোরা শাড়ী
মেয়েটাকে পাঠাতে হবে, বিয়ে দিয়ে তার নতুন শ্বশুর বাড়ি।
ভেবে চলে সে, এভাবেই তো কেটে গেলো, সারাটা জীবন
নেই কোন আর চাওয়া পাওয়া, চারিদিকে ঐ একই দৃশ্যমান ভুবন।
ভাবনা
হাকিকুর রহমান

আদ্যপান্ত শুনে-
চমকিয়া উঠি,
এ সমাজকে ধরেছে আজ ঘুনে।
করিয়া ঈষৎ নাব্য-
ভাবিলাম মনে,
শুনিবোনা আর এসব অশ্রাব্য।
বন্ধ করিয়া আঁখি,
ভাবনার দ্বারে বসে থাকি।
দুই কানে দুই হস্ত,
ঘটুক ঘটনা সমস্ত।
বাঁধন দিলেম মুখে,
রহিবো লইয়া চিত্ত, মহাসুখে।
সম্বিত ফিরিয়া দেখি,
সকলি গরল ভেল, সকলি মেকি।
তাই যাহা প্রাণে চায়,
লিখে গেনু কবিতায়।
অতীত
হাকিকুর রহমান

চেয়ে রই, চেয়ে রই-
আঁধার ঘেরা অনন্তরাতে কার সাথে কথা কই!
অতীত!
সেতো গোপনচারী, বাছ-বিচারের নেই ধার ধারি,
কোন অবচেতনে, সংগোপনে তবু জীবনের দাঁড় বই।
সঞ্চারিত মনে সাঁজিয়ে রেখেছি,
কত দিবসের সঞ্চয়-
রাগে-অনুরাগে জাগিয়ে রেখেছি,
কোন চেতনার লয়।
স্তব্ধ অতীত!!
তুমিতো অতি সংগোপনে,
কাজ করে যাও অতিশয় গোপনে।
চপলতাহীন, বিষন্ন দিন-
বয়ে যায় স্রোতোবহা ধারায় অন্তহীন,
ঝঞ্ঝার পথে আশাহত হয়ে সবই সই।
চেয়ে রই, চেয়ে রই।
আগমনী
হাকিকুর রহমান

ঐ শোন ঐ আগমনীর বাণী
আলোয় ভরেছে চারিদিক,
চেতনা বিকশিত প্রত্যয় নিয়ে
সুমুখে বাড়ানো সঠিক।
ঝরে যাক যতো জরা-জীর্ণতা
মুছে যাক মলিনতা,
গগনে উঠেছে নতুন সূর্য
ভরে থাক সজীবতা।
বন্ধনহীন নিত্য রঙীন
জীবনের হোক শুরু,
জেগে উঠার কামনা জাগিয়ে
বেজে যাক ডামাডুরু।
নবদিবসের প্রাণ সঞ্চারে
থেমে থাকা আর নয়,
আঁধারের ভ্রুকুটি উপেক্ষা করে
ছিনে নিতে হবে জয়।
সমর্পণ
হাকিকুর রহমান

এ মহাবিশ্বের বিশালতায়, আমি বিস্মিত
সৃষ্টিকর্তার মহানুভবতায়, আমি বিমোহিত
তাঁর মাখলুকাতের সেরা সৃষ্টি হিসেবে, আমি গর্বিত।।
তাঁর সৃষ্টির শুভাকাঙ্খায়, নিবেদিত করি প্রাণ
তাঁরই করুণায়, এই ধরাতে পেতে চাই পরিত্রাণ।
এসোহে মানব, নিংড়ায়ে হৃদয়, তাঁর গুনগান গাই
নশ্বর পৃথিবী, আসা আর যাওয়া, আর তো এখানে কিছু নাই।
দাঁড়াতে হবে, হিসেবের খাতা নিয়ে, সবাইকে একদিন
হৃদয়কে আমার, শুদ্ধ করোহে প্রভু, রয় যেনো তা অমলিন।