Thursday, April 9, 2020

ভোরের আলো
হাকিকুর রহমান 

প্রলয় নাচন নাচলো বাঁধন হারা,
উল্কাপাতে ঝরলো পড়ে তারা।
ইচ্ছেগুলো নতুন করে চাই,
আকাশ পানে তাকিয়ে থাকি তাই।
জাহ্নবী তার তন্দ্রা হারালো,
রবির আলো গগন ভরালো।
আপন স্রোতে আপনি নাচে নদী,
সাগর পানে যায় যে নিরবধি।
কিসের আশায় যাই যে গেয়ে গান,
ভোরের আলোয় উঠলো জেগে প্রাণ।
সময়
হাকিকুর রহমান 

সময়ের নিউক্লিয়াসে প্রবেশ করে,
দেখলাম-
তার প্রোটপ্লাজমের সবচেয়ে ঘন,
আর পর্দাঘেরা অংশটাকে।
যা কিনা,
জীবনের সফল কোষের
সব জৈবিক ক্রিয়া-বিক্রিয়াকে করে চলে নিয়ন্ত্রণ।
তাহা,
আত্মার প্রাণকেন্দ্রে অগনিত
প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত।
যেখানে,
অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গানু বিদ্যমান,
যাহা অনাদিকালের বাহক,
এবং বহুমাত্রিক;
আর সেতো মহাকালের নীরব সাক্ষী!
কবিতা
হাকিকুর রহমান 

কবিতা লেখার উপকরণগুলো খুঁজে ফেরা-
এ যেন কোন অচেনা স্বপ্ন দিয়ে দেয়ালগুলো ঘেরা।
কনকচাঁপার কাহিনীটা শেষ হবার আগেই,
যূথিকার সুবাস, সেতো ভাসে বাতাসে সেই ত্যাগেই।
বিষয়বস্তুতে নেই আগের মতো স্বাচ্ছন্দ,
তবুও অন্তকরণে ভরা রয়েছে, আবেগের আনন্দ।
দেদীপমানতা নিয়ে লিখে চলি,
অখন্ড বসন্তের কতকথা-
নিরানন্দের মাঝেও উদ্দেলিত হয়ে,
ভেসে চলুক কবিতার কথাগুলি, যথাতথা।
ভাবাবেগ নিয়ে আজও বসে থাকা,
সময় বয়ে চলে, সেতো অনন্ত-
তাই কেন জানি মনে হয়,
ক্ষুধার্ত পথশিশুর কাছে, সাদা ভাতই বেশী জীবন্ত।
ভাবনা
হাকিকুর রহমান 

আপন জনই গেলো ছেড়ে,
ভাবনা করি শুধুই মিছে-
আশালতা পড়লো ছিঁড়ে,
চিন্তাগুলো থাকেই পিছে।
দোল ছাড়া ঐ দুলুনিতে,
নাগালটাতো পাইনে খুঁজে-
বাঁধভাঙ্গা ঐ জোয়ারেতে,
জীবনটাকে নিলেম বুঝে।
আসলো পথে আঁধার নামি,
চলছি তবু থামি থামি।
জ্বালিয়ে বাতি সাঁঝের কালে,
রইনু বসে হৃদির ভালে।
বদ্ধ দুয়ার আগলে রেখে,
যোজনাগুলো গেলেম দেখে।
দাগনভূঁইয়া
হাকিকুর রহমান 

পৌঁছিয়া দাগনভূঁইয়া,
চিন্তা করি শুইয়া, শুইয়া।
ফেনী জেলার সর্ব-পশ্চিমে এই জেলা অবস্থিত
পূর্ব নাম গোপীগঞ্জ,
ছিল ভুলুয়া রাজ্যের অধীনে শাসিত।
বার ভূঁইয়াদের একজন,
দাগন ভূঁইয়ার নামে হয় ইহার নাম-
ইহার উত্তরে আছে,
কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম।
বর্তমানে ইহা একটি পরিপূর্ণ উপজেলা,
এখানে আছে স্বনামধন্য শিক্ষাকেন্দ্র মেলা।
রহিয়াছে হেথা, অনেক ছোট-বড় হাট-বাজার,
আরও আছে ভাষা শহীদ আবদুস সালাম
স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।
অতঃপর-
করিয়া বিক্ষিপ্ত বিচরণ যত্রতত্র,
লিখিলাম বাড়িতে এক কুশল পত্র।
ভাবনার উদ্রেক করিওনা কেহ,
সকলের তরে রহিল, প্রগাঢ় স্নেহ।
করিয়া হেথা সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন,
ফিরিব বাড়িতে অতি সত্বর বিলক্ষণ।
অব্যক্ত কথন
হাকিকুর রহমান 

কাহারে কিভাবে বলি,
কোন পথে হেঁটে চলি-
সকল পথই তো মিলেছে সেথায়,
জীবনের চোরাগলি।।
সীমানার এপারে দাঁড়িয়ে,
চাহি দুই বাহু বাড়িয়ে-
ক্লান্ত পথিক নিশানা হারালো,
ভ্রমর খুঁজিছে অলি।
কি সুরে গেয়েছিনু গান,
ভরাতে চেয়েছিনু প্রাণ-
ছড়ায়ে দিয়েছিনু ফুলেরো পাপড়ি,
গেলো চলে পদদলি।
ভাবিতেছি কি কথা আজি,
আকাশ রাঙিলো কি সাজি-
মিছে আশা নিয়ে পথ চেয়ে থাকি,
ঝরে পড়ে ফুলকলি।
জন্মভূমি
হাকিকুর রহমান 

সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
জননী জন্মভূমি,
হৃদয়ে রাখিনু ভক্তি তোমার
চির শ্বাস্বত তুমি।
কতশত নদী বয়ে চলে যায়
তোমারই হৃদয় জুড়ে,
নাম না জানা পাখি বাস করে
তাহাদের সুখ নীড়ে।
বনে বনে ঐ ফুটে কত ফুল
সুবাসে ভরায় মন,
গাছে গাছে ফলে কত মধুফল
পরিপূর্ণ বেনুবন।
রহো তুমি মোদের হৃদয় জুড়ে
করি তোমারি গুনগান,
সুখ-সমৃদ্ধিতে উজ্জীবিত করে
করো মোদেরে মহীয়ান।