Wednesday, January 12, 2022

 

রঙের মেলা
হাকিকুর রহমান 
 
সাজিয়ে বাগান রইছি বসে
মালির দেখা নেই-
হাত বাড়িয়ে ফুল তুলেছি
ঝরেই গেল সেই।
কে যেনো ফের দিলো উঁকি
কানন পানে চেয়ে-
প্রাণের কথা বুঝলো কি আর
আঁখির ভাষায় গেয়ে।
যতই দেখি, ফুলগুলো আজ
হাসতে গেছে ভুলে-
কারণ বুঝি, মালির মেয়ে
নেয়নি তাদের তুলে।
আকাশ ছোঁয়া মেঘের সারি
যায় যে কোথায় ভেসে-
ভুবনজোড়া রঙের মেলায়
হারিয়ে গেলাম শেষে।

 

জীবনের মানে
হাকিকুর রহমান 
 
দু’চার জনা বললো ডেকে
এনেছি, তোরই তরে
তৈরি করে
একখানা উপঢৌকন-
আহা! অতিশয় প্রসন্ন হয়ে
গ্রহণ করে তা
খুলে দেখি,
ভিতরে তো কিছুই নেই
রয়েছে সেখানে
ভাঙ্গা একখানা চৌকন।
তার মানেটা কি?
বোঝার আগেই
হাত ফসকে
সেটা গেলো মাটিতে পড়ে-
ছিলোতো যাই কিছু, ভাঙ্গা
সেটা আরো খন্ডিত হলো
আর তাকে
নেয়া হয়নিকো কভু গড়ে।
ওহ! তুমিতো দ্যাখোনি তা,
কারণ, তুমি তো
অতি সুখে ছিলে চোখ বুঁজে-
এদিকে আমি, গতরে খেটেই
তো হলাম সারা, আর
জীবনের মানেটা কি?
সারাক্ষণ বেড়াই
সেটাই খুঁজে।

Tuesday, January 11, 2022

 

কাঠপুতুলের জীবন
হাকিকুর রহমান 
 
এই যে আমরা, যারা
নিত্তি খেটে খাই
আর কম্মের ফাঁকে,
একটুখানি ফুরসুত পেলে
যাবর কেটে সময় কাটাই-
তা, আমাদের প্রাণ ভোমরা গুলো কি
কারো কাছে লগ্নি দেয়া আছে?
যাতে করে ফুড়ুৎ করে
উড়ে না যাই পাছে-
কিম্বা, কেউ হয়তো চিকন সুতোয় বেঁধে
ঝুলিয়ে দিয়েছে সেই কবে,
আর আমরা দুলেই চলেছি
দুলেই চলেছি
চমৎকৃত এই ভবে-
চোখের ওপর দিয়েই ঘটে যায়
কতই ঘটন-অঘটন,
পায়ে-পা ঠেকলেও কিছু কওয়ার
মুরোদ নেই বিলক্ষণ-
কাঠপুতুলের মতই তো
হাত-পা চারখানি নাড়াই,
দুনিয়াটা কি থেমে থাকে
কারো তরে?
ওটা ছুটেই চলে,
আমাদের মতামত ছাড়াই-
ভাঙ্গা রাস্তাটা আরও পেটাক
পেটাতে পেটাতে আরো যাক ভেঙ্গে,
জানি আমাদের থালাতে জুটবেই
কিছু শাঁকপাতা
না হয়, নেবোই কিছু
এখানে ওখানে মেঙ্গে।

 

নব প্রভাত
হাকিকুর রহমান 
 
হয়েছে তো ভোর, নব দিবাকর
ছড়ায়ে দিয়েছে তার
কোমল পরশ
উন্মুক্ত এই দ্বারে-
আনকা আলোতে, দেখি তার মুখ
এ হিয়ার মাঝে
দিলো কে পুলক
চিনে কি নিতে
পেরেছি তারে।
দখিনা দিলো তার, আলতো ছোঁয়া
পথভোলা পথিক
তাইতো বাড়ালো
আবার নতুন করে
পথে পা-
সে ছোঁয়ায় দুলে ওঠে
বাহারি প্রজাপতি
আর চাষী বউ মন খুলে
চায় ফসলের ক্ষেতে,
সোনালী ধানের শিষে
ভর করে তা।
নয়নেতে কাজল, দিয়েছে
মালিনীর মেয়ে
আজ নাকি পরবেতে
তার ছুটি-
পূবের আকাশে, হালকা মেঘের
ফাঁকে, দিবাকরের আলো
পশিল তার
চরণে লুটি।

 

জোসনার গৌরব
হাকিকুর রহমান 
 
একাকী কনকচাঁপা,
ফুটেছে ওই কাননের কোণে
বসন্তের অন্তিম নিঃশ্বাসে-
ধূসর গ্রীস্ম কবে জানি এসে
গেছে ফিরে, তাই বসে থাকা
নবীন বরষার আশে।
কোন তাপসী ধ্যানে রয় রত
আধেক জেগে
আধেক ঘুমের মাঝে থেকে-
ঝরে যাওয়া পাতা
মর্মর ধ্বনি তোলে
হৃদয়ের মাঝে, যায় কারে ডেকে।
গোধূলি সেতো কোনও এক
নব যৌবনা বালিকা-
রয়েছে অপেক্ষায় সাঁঝের কোলে
দেবে ডুব
আর, ওইদিকে অন্য কোনও তাপসী
অপেক্ষায় রয়,
হাতে লয়ে শূন্য থালিকা।
কনকচাঁপাটাকে ডেকেছিলাম
বিদায়ের আগে
হাত দু’টি নেড়ে-
কার দীর্ঘনিঃশ্বাসই বয়েছিলো
ঘাড় বেয়ে,
আর নয়নের ঘুম
নিয়েছিলো কেড়ে।
মর্মে মর্মে আজি উপলব্ধি করি
বাতাসে ভাসে
শুধু, হারানোর অনুভব-
তাইতো অপেক্ষায় থাকা
দীপালি জ্বালায়ে,
কবে জানি ছড়াবে
এই প্রাণে জোসনার গৌরব।

 

মেঘের কান্না
হাকিকুর রহমান 
 
একটা স্তব্ধ প্রহর, আর এক
স্তব্ধ প্রহরের সাথে
বিলীন হতে চেয়ে-
নির্বাক, নৈঃশব্দের মাঝে
একাকার হলো।
তবে, ইচ্ছা-অনিচ্ছার
বৈপরীত্যের মাঝে
টানাপোড়ন খেয়ে খেয়ে
প্রহরগুলো,
খন্ডিতই রয়ে গেলো।
নদীর তৃষ্ণা, মেটাবে কি সাগর?
নাকি সাগরের তৃষ্ণা
মেটাবে নদী!
পাপিয়ার তৃষ্ণা, মেটাতে পারেনি
কোনও মেঘ।
কোনও এক সলাজ কুমারীর
আঁখি হতে
কবে জানি ঝরেছিলো
কিছু জল-
জানতে পারেনি কেউই তার কারণ,
শুধু উড়ে যাওয়া
মেঘটাই বুঝেছিলো-
আর তাই কেঁদেছিলো
দু’জনfই একসাথে।

 

কালের স্রোত
হাকিকুর রহমান 
 
টাকা-কড়ি, কিছুই আনতে পারিনিকো
আনতে পারিনিকো, কোনও দুর্লভ রতন-
সাথে করে শুধুই এনেছি
একখানা অভাগা ভিখিরী মন।
আশা করেছিলাম সীমাহীন,
হয়তোবা দু’হাত বাড়িয়ে
চাঁদটাকে ছুঁয়ে দেবো,
যেমন ছোঁয় অন্য কোনও উদাসী-
দ্বিধা বিজড়িত কন্ঠে
গাইতে চেয়েছিলাম, কোনও এক
অচেনা সুরের গান,
যদিও কালের স্রোতে, তা
হয়ে গ্যাছে অতিশয় বাসি।
ভালোবাসা! তাকি ঐ
পুরোনো ঝাউগাছের
ঝরে যাওয়া পাতা?
বিস্তৃত মননের সীমারেখায়
কি কথা এখনও ঘুরে ফিরে,
যেনো অনেক আঁধারির মাঝেও
ছড়ায় সে কোন আলোর বারতা।
ওদিকে লক্ষ্য করি, ঠিক মাঝরাতে
আঙনখানা ঠিকই রয়ে গেলো
অতি শূন্য-
তবে, শুধুই দু’মুঠো স্মৃতিই
সাথে করে এনেছি,
তা, হৃদয়খানা
যতটাই হোক না দৈন্য।